দৈনিক যুগান্তরের মৌলভীবাজার প্রতিনিধি হোসাইন আহমেদের ওপর হামলা করেছে এক দল দুর্বৃত্ত। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

গতকাল শনিবার রাত ৯টার দিকে মৌলভীবাজার শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে একটি কার ও তিনটি মোটর সাইকেলে আসা ব্যক্তিরা হোসাইনের ওপর চড়াও হয়।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি অফিস থেকে মোটরসাইকেলযোগে শহরের চৌমুনা থেকে পশ্চিম বাজারের দিকে যাচ্ছিলেন। শহরের পুলিশ ফাঁড়ি ও পোস্ট অফিসের সামনে আসলে একটি সাইকেল দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে কার থেকে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা পিটিয়ে আহত করে ফেলে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হোসাইন আহমেদকে নিয়ে যান।

ওই ঘটনার কারণ জানাতে পারেননি হোসাইন আহমেদ। তবে ধারণা করা হচ্ছে, সংবাদ সংশ্লিষ্ট কারণে তার ওপর হামলা করা হয়েছে।

গতকাল রাতেই মৌলভীবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সুদর্শন কুমার রায় ও মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক হাসপাতাল পরিদর্শন করেন। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তারা।