বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) ভিস্যাট সেবার লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ায় তা বাতিল ঘোষণা করেছে সরকার। বাংলাদেশ টেলিযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিটিআরসির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মো. তৌফিকুল আলম সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ভিস্যাট প্রোভাইডার হিসেবে বেক্সিমকোর লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হিসেবে বাতিল করা হলো। এ লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম সম্পাদন করা অবৈধ এবং ২০০১ সালের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটিকে এ লাইসেন্সের অধীনে যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা জারি করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠানটির সঙ্গে এ লাইসেন্স সংক্রান্ত যেকোনো ধরনের টেলিযোগাযোগ চুক্তি সম্পাদন এবং এ ধরনের সেবা গ্রহণ বা প্রদানের বিপরীতে যেকোনো ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকারও অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এছাড়া প্রতিষ্ঠানটিকে বিজ্ঞপ্তি জারির ১০ দিনের মধ্যে এ সংক্রান্ত লাইসেন্সের মূল কপি বিটিআরসিতে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয় এতে।

beximco-1

মূলত ইন্টারনেট সংযোগ, ব্যাংকিং ও লেনদেন, বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান অফিস ও শাখার মধ্যে নিরাপদ নেটওয়ার্ক (ভিপিএন) স্থাপন ইত্যাদি কাজে ভিস্যাট সেবা ব্যবহার করা হয়।

মূলত ভিস্যাট বা ভেরি স্মল অ্যাপার্চার টার্মিনাল হলো একটি ছোট আকারের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। এর মাধ্যমে দূরবর্তী স্থান থেকে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে ডাটা, ভয়েস ও ভিডিও আদান-প্রদান করা যায়। ছোট ডিশ অ্যান্টেনা, ট্রান্সিভার ও মডেমকে কাজে লাগিয়ে এটি স্যাটেলাইটের সঙ্গে সিগন্যাল আদান-প্রদান করে থাকে। এর মধ্য দিয়ে স্থলভিত্তিক নেটওয়ার্ক ছাড়াই যোগাযোগ তৈরি করা সম্ভব হয়।