জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধুর সমাধিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১৭ মার্চ) সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার উপজেলা পরিষদ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে। ১০টা ১০ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছালে নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। পরে ১০টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়ায় পৌঁছান রাষ্ট্রপতি। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে স্বাগত জানান।
১০টা ৩৮ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় নেতাদের নিয়ে আওয়ামী লীগের প্রধান হিসেবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান।









