সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৭ জন। গতকাল ও আগের দিন রাতে গাজীপুর, মুন্সিগঞ্জ, সাতক্ষীরা, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাদারীপুরে এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
গাজীপুর: জেলার রাজেন্দ্রপুর ও ধান গবেষণা ইনস্টিটিউট এলাকায় দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন। শনিবার রাত সাড়ে ১১টা ও ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মহানগরের সদর থানার ওসি মেহেদী হাসান জানান, রাজেন্দ্রপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ধান গবেষণা ইনস্টিটিউট এলাকাতেও একটি দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ মর্গে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসের পেছনে অন্য একটি বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের একটি বাসকে ইমাদ পরিবহনের আরেকটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইমাদ পরিবহনের সামনের অংশ ও ফানিফ পরিবহনের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ইমাদ পরিবহনের চালকের সহযোগী শরীয়াতুল্লা (২০) ঘটনাস্থলে মারা যান।
সাতক্ষীরা: ট্রলির চেসিস ভেঙে অসীম কুমার দাশ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-যশোর মহাসড়কের বেতলা নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিম কুমার সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী গ্রামের গুরুপদ দাশের ছেলে।
হবিগঞ্জ: নবীগঞ্জের দেওপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় আজমত আলী (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার জনতার বাজারসংলগ্ন দেওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিকআপে সবজি কিনতে যাচ্ছিলেন আজমত আলী। এ সময় ট্রাকের সঙ্গে পিকআপের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ময়মনসিংহ: ভালুকায় বাসের ধাক্কায় মো. মোফাখখারুল আলম (৪৭) নামে অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোফাখখারুল আলম উপজেলার বরাইদ গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে।
মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার রাত ১২টার দিকে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মোস্তফাপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।










