পটুয়াখালীর কুয়াকাটায় জমি দখলের অভিযোগ উঠেছে জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে। গতকাল বেলা ১১টায় মো. ওসমান গনি নামে এক ব্যক্তি কুয়াকাটা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে ওসমান গনি বলেন, ‘সাড়ে ২৮ শতাংশ জমির মালিক আমি ও আমার ছোট ভাই মো. ছোবাহান শেখ, দোজাহান শেখ ও নূর ইসলাম শেখ। একই দাগে আরেক ভাই মো. শাহ আলম শেখের চার শতাংশ জমি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ক্রয় করেন। পরে তাদের জমিও নামে মাত্র কিছু টাকা দিয়ে ক্রয় করার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখান।’
তিনি বলেন, ‘রুহুল আমিন হাওলাদার ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে পাঠান। এই সুযোগে তিনি ওসমান গনিসহ অন্য তিন ভাইয়ের সাড়ে ২৩ শতাংশ জমি দখল নেন। জেল থেকে বেরিয়ে আমরা আদালতে মামলা করেছি।’
তবে এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘ওই পরিবারের অন্য সদস্যদের জমি আমি ক্রয় করেছি। ওসমান গনির জমি বায়না করেছি। সেখানে যদি তার আরো কোনো দাবি থাকে তাহলে আমি সেটাও পূরণ করার চেষ্টা করব।’










