ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা-বরগুনা রুটের অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চে আগুন লেগে শতাধিক হতাহতের ঘটনা ঘটে। ওই সময় ঝালকাঠির সিভিল সার্জন রতন কুমার ঢালী দায়িত্বে অবহেলা করেছেন বলে অভিযোগ উঠেছিল।

এ ঘটনায় সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালীকে স্বাস্থ্য অধিদপ্তরে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। গতকাল এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ঢাকায় যোগদানের জন্য আজ তিনি ঝালকাঠি ত্যাগ করবেন বলে জানিয়েছেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। তিনি আরো জানান, আগামীকাল রতন কুমার ঢালী স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। তবে ওএসডির কারণ তিনি এড়িয়ে যান। ঘটনার দিন সিভিল সার্জন কোথায় ছিলেন সে প্রশ্নের জবাবও তিনি দেননি।

বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল ঝালকাঠি সিভিল সার্জনকে লঞ্চ দুর্ঘটনার পর তলব করে পাননি বলে জানিয়েছে ঝালকাঠি স্বাস্থ্য বিভাগের একটি সূত্র।