রাজবাড়ীর কালুখালিতে নিখোঁজের তিনদিন পর নিরব শেখ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ মার্চ) দুপুরে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নিরব শেখ রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের জিয়ারুল শেখের ছেলে।
নিহতের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বাড়ির পাশে মাধবপুর বাজারে যায় নিরব। গভীর রাত হয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজ করতে থাকে স্বজনেরা । পরের দিন খোঁজ না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সন্ধান চেয়ে পোস্ট দেয়া হয়। এর কিছু সময় পর নিরবের বাবার কাছে অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। ফোনে ২০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে নিরবকে হত্যা করা হবে বলে জানিয়ে টাকা নিয়ে পাংশার একটি ব্রিজের কাছে যেতে বলে ফোন কেটে দেয় ওই অপরিচিত ব্যক্তি। এরপর থেকে ওই নাম্বারটি বন্ধ আছে।
এ বিষয়ে কালুখালী থানায় সাধারণ ডায়েরি করেন নিরবের বাবা।
রোববার দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে নদীতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, নিরব শেখ নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা একটি জিডি করেছিলেন। কেন এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সে বিষয়ে তদন্ত করছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উম্মোচন করা হবে।










