জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান। গতকাল সকালে মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, দেশের রিজার্ভ নিয়ে ভয়ের কিছু নেই। আইএমএফের ঋণসহ দেশে রিজার্ভ আছে ২৬ বিলিয়ন ডলার, যা দিয়ে চলবে ছয় মাস। জানুয়ারি থেকে দেশে ডলার সংকট থাকবে না। রমজানে দ্রব্যমূল্য নিয়ে ভোগান্তি কমবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ব্যাংক দেউলিয়া হবে এমন গুজব তুলে একশ্রেণীর লোক জনগণের টাকা চুরি করতে চায় বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, রিজার্ভ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কিন্তু বাংলাদেশকে বিনা শর্তে ঋণ দিয়েছে আইএমএফ। বাংলাদেশের অর্থনীতির প্রশংসাও করেছে আইএমএফ। দেশের অর্থনীতিতে কোনো সংকট নেই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সালমান এফ রহমান বলেন, নির্বাচন সংবিধানের মাধ্যমেই হবে। সরকার পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমেই। কেউ নির্বাচনে না এলে আওয়ামী লীগের কিছু করার নেই।

স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মুজিবনগরে আইএফআইসি ব্যাংকের এক হাজারতম উপশাখা উদ্বোধন করেন সালমান এফ রহমান। এ সময় তিনি বলেন, এ ব্যাংকের উপশাখায় ব্যবসায়িক লেনদেনসহ প্রবাসীরা বৈধভাবে দেশে টাকা পাঠাতে পারবেন। আইএফআইসিতে নারী উদ্যোক্তা ও ছোট-মাঝারি উদ্যোক্তাদের জন্য লোনের ব্যবস্থা রয়েছে। আইএফআইসির মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, হুন্ডি নয় বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আধুনিক ব্যাংকিং সেবার অনন্য উদাহরণ আইএফআইসি ব্যাংক। দেশের প্রথম রাজধানী মেহেরপুরে আইএফআইসি ব্যাংকের হাজারতম উপশাখার উদ্বোধন আমাদের জন্য গৌরবের।