রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের ৩০-৩৫ ফুট গর্তে পড়ে গেছে সাজিদ নামে দুই বছর বয়সী একটি শিশু। গতকাল উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা যায়নি। যদিও উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। খননযন্ত্র দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে। পাশাপাশি শিশুটিকে বাঁচিয়ে রাখতে অক্সিজেন সরবরাহও অব্যাহত রাখা হয়েছে।

শিশুটির মা রুনা খাতুন জানান, বেলা ১টার দিকে সাজিদের হাত ধরে তিনি বাড়ির পাশে মাঠে যাচ্ছিলেন। এ সময় তার ছোট সন্তানও কোলে ছিল। হঠাৎ সাজিদ মা বলে ডেকে ওঠে। তিনি পেছনে তাকিয়ে দেখেন ছেলে নেই, গর্তের ভেতর থেকে মা, মা বলে ডাকছে। গর্তটির ওপরে খড় বিছানো ছিল। ওখানে যে গর্ত ছিল, সেটা তিনিও বুঝতে পারেননি। ওই জায়গায় পা দেয়ার সঙ্গে সঙ্গে ছেলে গর্তের ভেতর পড়ে যায়। লোকজনকে ডাকতে ডাকতেই ছেলে গর্তের নিচে চলে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, শিশুটিকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। বেলা ২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হলেও বিকাল ৫টায় ভেকু আসার পর উদ্ধার অভিযান শুরু হয়। সর্বশেষ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং ভেকুর সমন্বয়ে উদ্ধার অভিযান চলছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, এখন পর্যন্ত শিশুটি জীবিত আছে বলে মনে হচ্ছে। শিশুটি বিএমডিএর নলকূপের পাইপের মধ্যে আটকে আছে। স্থানীয়রা পাশে কোদাল দিয়ে মাটি খোঁড়ায় কিছু মাটি ভেতরে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি টিম নিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।