রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াত ইসলামীর নেতারা। আজ সোমবার (২ জুন) দুপুর সোয়া ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।

সিইসির সঙ্গে বৈঠকে যাওয়া জামায়াতের প্রতিনিধি দলেরনেতৃত্ব দিচ্ছেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আযাদ। এই দলে রয়েছেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, মোবারক হোসেন ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

গতকাল রোববার সকালে জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের হাইকোর্টের দেয়া রায় বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ সুগম হয়।