আড়িয়াল খাঁ নদের কারণে একসময় মাদারীপুরের শিবচরের সঙ্গে সড়ক যোগাযোগ ছিল না শিরুয়াইল, নিলখী ও দত্তপাড়া ইউনিয়নের। আড়িয়াল খাঁ নদের ওপর নির্মিত লিটন চৌধুরী সেতু এসব ইউনিয়নের সঙ্গে শিবচরের সড়ক যোগাযোগ স্থাপন করেছে। গত শনিবার বিকালে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সেতুটি উদ্বোধন করেন।

শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৫৫০ মিটার। প্রস্থ ৯ দশমিক ৮০ মিটার। সেতুর ক্যারিজওয়ে ৭ দশমিক ৩০ মিটার, ফুটপাত ১ দশমিক ২৫ মিটার। স্প্যান রয়েছে ১১টি। 

২ দশমিক ৪০ মিটার উচ্চতার সেতুতে গার্ডার রয়েছে ৪৪টি।

উৎরাইল ইউনিয়নের স্কুল শিক্ষক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘শিক্ষকতার কারণে প্রায় সময় উপজেলা সদরে আমাকে বিভিন্ন কাজে আসতে হয়। সড়কপথে সূর্যনগর হয়ে পাঁচ্চর ঘুরে উপজেলা সদরে যেতাম। এখন সেতু হয়ে যাওয়ায় মাত্র ১৫ মিনিটেই যাওয়া-আসা করা যাবে। সেতুটি আমাদের অনেক বড় উপকারে এসেছে।’

দত্তপাড়া ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক বলেন, ‘কেউ অসুস্থ হয়ে পড়লেও আমরা দ্রুত শিবচর যেতে পারতাম না। নদী পার হতে গিয়ে ট্রলার সঠিক সময় পাওয়া যেত না। দীর্ঘদিন আমরা শিবচরে যেতে চরম ভোগান্তির শিকার হয়েছি। সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সেই ভোগান্তি দূর হয়েছে। এ সেতু আমাদের জন্য আশীর্বাদ।’

মাদারীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, ‘২০১৮ সালের অক্টোবরের শেষের দিকে সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ 

নূর-ই-আলম চৌধুরী। সেতুর নামকরণ করা হয়েছে লিটন চৌধুরীর নামে।’