কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৮ বাংলাদেশীসহ ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের বাকি ৩৬ জন রোহিঙ্গা কিনা তা যাচাই-বাছাই করা হচ্ছে।
আজ বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত ও ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে। পরে স্থানীয়রা তাদের ঘোরাফেরায় সন্দেহ হলে আটক করে বিজিবির হাতে তুলে দেয়।
জামালপুর বিজিবি নিশ্চিত করে জানিয়েছে, রৌমারী সীমান্ত থেকে আটক করা হয়েছে ৩০ জনকে। তাদের মধ্যে ৮ জন বাংলাদেশী। বাকি ২২ জন রোহিঙ্গা কিনা, তা যাচাই করছে কর্তৃপক্ষ।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ভারত থেকে পুশ-ইন করা এসব ব্যক্তিরা ভোররাতে সীমান্ত পার হয়ে আসে। পরে স্থানীয় বাজারে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তারা ধরা পড়ে।
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত থেকে আটক ১৪ জনের মধ্যে ৮ জন নারী ও শিশু রয়েছে। এদের সবাই রোহিঙ্গা।
বিজিবি জানিয়েছে, আটকদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে।










