বগুড়ায় বৃষ্টি মাথায় নিয়ে কোটা বৈষম্য বিরোধী ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ
কর্মসূচি পালন করেছে। শনিবার (৩ আগস্ট) দুপুর পৌনে তিনটায় জেলা শহরের দত্তবাড়ি, বড়গোলা
হয়ে জিরো পয়েন্ট সাতমাথায় অবস্থান নেয়। সেখানে প্রচুর বৃষ্টির মধ্যেই শিক্ষার্থীরা
বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। আলোচনার
আগে হত্যাকাণ্ড নিয়ে কথা বলার দাবি তোলেন। সব আটক শিক্ষার্থীদের স্থায়ীভাবে নিঃশর্ত
মুক্তি প্রদানের দাবিও জানান। ছাত্র-ছাত্রীদের কপালে লাল সবুজের বাংলাদেশের পতাকা,
প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা দেখা যায়।
বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান
নিয়ে থাকতে দেখা যায়। তবে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা ফিরে যায়। বিক্ষোভ কর্মসূচিতে
বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের দেখা যায়। কর্মসূচি পালনের
মিছিলের সামনের সারিতে অসংখ্য স্কুল ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের দেখা যায়।
জেলা শহরের সাতমাথায় হাঁটু পানি জমে থাকলেও সে পানির মধ্যেই বিক্ষোভ করেন তারা।
আব্দুর রশীদ নামে এক শিক্ষার্থী জানান, শহরের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা
ভালো না থাকায় হাঁটু পানি জমেছে। সে কারণে এ পানির মধ্যেই বিক্ষোভ কর্মসূচি চলছে। বিভিন্ন
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ভাইয়েরা এসে অংশগ্রহণ করেছে। তারা ভিজে যাওয়া প্রসঙ্গে
বলেন, রক্তের বন্যায় ভিজে গেছি বৃষ্টি তো কিছু না।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার জানান, ‘শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভ মিছিলে পুলিশ কোনো বাধা দেয়নি। তবে নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিল।’










