নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় দগ্ধ তিন শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন। 

গতকাল শনিবার রাতে ও আজ রোববার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন।

নিহতরা হলেন- কারখানার শ্রমিক হজরত আলী (২৫) ও বেলায়েত হোসেন (৫৯)। আগুনে দগ্ধ অপর শ্রমিক সিরাজুল ইসলাম (৬০) এখনো চিকিৎসাধীন।

ডা. এস এম আইউব হোসেন জানান, হজরত আলীর শরীরের ৯৯ শতাংশ ও বেলায়েত হোসেনের দেহের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। সিরাজুল ইসলামের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

গতকাল বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকায় অবস্থিত সিটি আটো রাইস মিলে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ হন চার শ্রমিক। ফায়ার সার্ভিসের পাচঁটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।