চট্টগ্রাম নগরের যানজট কমাতে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় পরীক্ষামূলকভাবে পে-পার্কিং চালু করছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল পে-পার্কিং চালুর জন্য সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম ও বি-ট্র্যাক সলিউশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম তানভীর সিদ্দিকী।

৭ মার্চ থেকে চসিকের নির্ধারিত স্থানে পে-পার্কিং চালুর অবকাঠামো নির্মাণ শুরু করবে বি-ট্র্যাক সলিউশন। মে মাসের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পে-পার্কিং চালু হবে।

চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘নগরীর যানজট নিরসনে আগ্রাবাদ এলাকায় পে-পার্কিংয়ের পাইলট প্রকল্প বাস্তবায়নে বি-ট্র্যাক সলিউশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তিটি সফলতার সঙ্গে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরো পে-পার্কিং প্রকল্প গ্রহণ করা হবে। ঠিক অনুরূপভাবে যত্রতত্র গাড়ি পার্ক বন্ধে পে-পার্কিংয়ের উদ্যোগ নিয়েছি।’