নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো শিবপুর উপজেলার ইটাখোলা মুনসেফের চর এলাকার জয়নাল আবেদিনের স্ত্রী সাবিনা আক্তার (২৫) ও তার মেয়ে মাইমুনা (৫)। সাবিনার আরেক মেয়ে আহত সিনাকে (৪) চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
সাবিনার সঙ্গে থাকা তার ভাগ্নে তানিম জানান, সম্প্রতি তাদের মামা বিদেশ থেকে এসেছেন। একই সঙ্গে তার এক চাচা বিদেশ যাবেন। তারা চারজন ইন্ডেক্স প্লাজায় কেনাকাটা করতে আসেন।
নরসিংদী স্টেশনমাস্টার এটিএম মুছা জানান, চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী স্টেশন অতিক্রম করছিল। ওই সময় ট্রেনটির নিচে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।










