গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছেড়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রখ্যাত কৃষকনেতা দেওয়ান আব্দুর রশিদ নীলু।

আজ শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান জিএসএর নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। দলীয় প্রধান ও সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব একইসঙ্গে পালন না করার নীতিগত জায়গা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

আবুল হাসান রুবেল বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শকে অনুসরণ করে রাষ্ট্রীয় ক্ষমতা ও সংগঠনের পৃথকীকরণের নীতি অনুসরণ করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি জানান, দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, হাসান মারুফ রুমী, মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভুইয়া, দীপক কুমার রায়, তরিকুল সুজন, লুভানা তাবাসসুম, আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মনিরুল হুদা, মুনীর চৌধুরী সোহেল, জাহিদ সুজন, রেক্সোনা পারভীন সুমি, রুবিনা ইয়াসমিন, বেনু আক্তার, আরিফুর রহমান মিরাজ, লুতফুন্নাহার সুমনা, জাহিদুল আলম আল জাহিদ, সাইফুল্লাহ সিদ্দিক রুমন, তাহসিন মাহমুদ, আবু রায়হান খান, উপদেষ্টা পরিষদের সদস্য নাজার আহমেদ, কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য ইমরাদ জুলকারনাইনসহ দলের কেন্দ্রীয় নেতারা।