বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। দেশের নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস, গবেষণা ও অন্যান্য সম্ভাবনাময় খাতে সিঙ্গাপুর থেকে বিনিয়োগের আহ্বান জানান শামা ওবায়েদ। তিনি বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন।
সিঙ্গাপুরে গতকালের এ বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও সিঙ্গাপুরের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে এবং দ্বিপক্ষীয় সহযোগিতাপূর্ণ সম্পর্ক আরো মজবুত করার ওপর জোর দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের নিয়ে বাংলাদেশে তৈরি সংকটের বিষয়টিও তুলে ধরেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিয়ে সিঙ্গাপুরের সমর্থন কামনা করেন।
গতকাল এর আগে তিনি সিঙ্গাপুরে দেশটির জনশক্তি, সংস্কৃতি, কমিউনিটি ও যুব প্রতিমন্ত্রী দীনেশ বাসু দাশের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে দুই দেশের মধ্যকার মজবুত ও দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করেন শামা ওবায়েদ। তিনি জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান সরকার দেশের মানুষের জন্য একটি পরিচ্ছন্ন শাসন ব্যবস্থা উপহার দিতে চায় এবং মানুষের জীবনমানে উন্নয়ন ঘটাতে চায়। এ সময় তিনি সিঙ্গাপুরে অবস্থানরত প্রচুরসংখ্যক বাংলাদেশী প্রবাসীর অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
বাংলাদেশ সরকার দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেছে বলে জানান শামা ওবায়েদ। প্রধানমন্ত্রী তারেক রহমান ভোকেশনাল ও টেকনিক্যাল ট্রেনিংয়ের ওপর জোর দিচ্ছেন বলে জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, দক্ষতা উন্নয়নের অগ্রপথিক সিঙ্গাপুরে এক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। তিনি এখানে দুই দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে বৃহত্তর সহযোগিতার প্রস্তাব দেন।
দীনেশ বাসু দাশ জানান যে উভয় দেশই দক্ষ জনশক্তির ব্যাপারে জোর দিচ্ছে। তিনি মনে করেন, এ জায়গাটিতে সিঙ্গাপুর ও বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো একত্রে কাজ করতে পারে। এছাড়া তিনি সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বাসু জানান, বাংলাদেশী শ্রমিকরা দায়িত্বশীল ও নিয়মনিষ্ঠ।
জবাবে শামা ওবায়েদ জানান যে বাংলাদেশ সরকার প্রবাসী শ্রমিকদের ভাষা শিক্ষার ওপর জোর দিচ্ছে এবং তাদের তৃতীয় ভাষা শিখতে উৎসাহিত করছে। এ সময় তিনি জানান, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী এবং বিদেশে হোম কেয়ার ও নার্সিং খাতে কাজ করার সম্ভাবনা রয়েছে তাদের। সিঙ্গাপুরের বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য কেয়ারগিভার হিসেবে যেতে চাওয়া নার্সদের প্রশিক্ষণ দিতে পারে সিঙ্গাপুর।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ এই প্রথম সিঙ্গাপুর সফর করছেন। তিনি দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা ছাড়াও শীর্ষস্থানীয় বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিএসএ ইন্টারন্যাশনাল ও সেদেশের অন্যতম আধুনিক বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুয়াসওয়ান পরিদর্শন করবেন। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে।










