চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-ভটভটির সংঘর্ষে আল-আমিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মেহেদী হাসান মিলন নামে আরো এক ব্যক্তি।

রোববার (১৬ মার্চ) সকাল সাড়ে সাড়ে ১০টার দিকে সদর উপজেলার নয়াগোলা-আমনুরা সড়কের ঝিলিম ইউনিয়নের বুলুনপুর একালায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তি নওগাঁ জেলার মান্দা উপজেলার পরাণপুর ইউনিয়নের আসাদ আলির ছেলে। আহত ব্যক্তি একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মেহেদী হাসান মিলন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ শহরে শসা বিক্রি করে ভটভটিতে করে নওগাঁর নিজ বাড়িতে ফিরছিলেন আল-আমিন ও মেহেদী। ঝিলিম ইউনিয়নের বুলুনপুর এলাকায় পৌঁছলে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় আল আমিন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেদী হাসানকে জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

ওসি বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।