টাঙ্গাইলে চতুর্থ শ্রেণীর স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন দুটি ধারায় এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে আলমগীর হোসেন (৩৫)। বর্তমানে তিনি পলাতক।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ এবং এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ভুক্তভোগী স্থানীয় একটি স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল। ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতো সে স্কুলে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে আলমগীর হোসেন তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ভিকটিমের বাবা বাদী হয়ে আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন।

২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এসআই তোজাম্মেল হক আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং ৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। এই দুটি ধারায় আসামিকে আলাদাভাবে সাজা প্রদান করেন আদালত।

তবে উভয় অপরাধের সাজা একত্রে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। আসামি জামিনে মুক্তি পেয়ে গা ঢাকা দেন। আদালতে আসামির অনুপস্থিতিতেই রায় পড়ে শোনান বিচারক।