গত এপ্রিল মাসে পাড়া ছেড়ে যাওয়া বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যংপাড়া
গ্রামের বম জনগোষ্ঠীর মানুষ পাড়ায় ফিরতে শুরু করেছে।
গত ১৮ নভেম্বর থেকে তারা পাড়ায় ফিরে আসতে শুরু করে। আজ সোমবার (২০
নভেম্বর) পর্যন্ত মোট ৫৭টি পরিবার পাড়ায় ফিরে এসেছে।
ফিরে আসা প্রায় দুইশত মানুষকে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
এছাড়া ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রীসহ পাড়াবাসীদের শুকনা খাবার দেয়া হচ্ছে।
অন্যদিকে, গতকাল রোববার থেকে আজ পর্যন্ত থানচি উপজেলার প্রাতাপাড়ায় ১৪ পরিবার, রুমা উপজেলার বাকলাইপাড়ায় ১১ পরিবার এবং রোয়াংছড়ি উপজেলার ক্যপ্লাং পাড়ার একাধিক পরিবারের ১৭ জন নারী পুরুষ নিজেদের বাড়িতে ফিরেছেন।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে রুমা ও রোয়াংছড়ি উপজেলায় কুকি চিন ন্যাশনাল
ফ্রন্ট (কেএনএফ) নামের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের অপতৎপরতা শুরু হয়। এর পর থেকে
কেএনএফের তাণ্ডবে পর্যায়ক্রমে দুই উপজেলার বিভিন্ন পাড়ার বম জনগোষ্ঠীর মানুষ পাড়া ত্যাগ
করা শুরু করে।










