জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক ভার্চুয়াল অনলাইন সাহিত্য উৎসব। ‘ইংলিশ জুবিলি লিট ফেস্ট ২০২১’ শীর্ষক তিন দিনব্যাপী এই সাহিত্য উৎসবটির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম অনলাইন মাধ্যমে যুক্ত হয়ে উৎসবটির উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য আয়োজকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘মার্চ মাসে আমরা পেয়েছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, এই মার্চ মাসেই ছিল সেই কালরাত্রি যার বিভীষিকা কখনও ভোলার নয়। আবার, ২৬ মার্চ আমরা উদযাপন করছি স্বাধীন বাংলাদেশ জন্মের সুবর্ণ জয়ন্তী। তাই এমন একটি ঐতিহাসিক মাসে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সাহিত্য উৎসব আয়োজনের এই উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত।’

এছাড়া, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক লাইজু নাসরিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজাম্মেল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিত্য উৎসবের আহ্বায়ক অধ্যাপক মাশরুর শাহিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই উৎসবের মূল আয়োজন শুরু হয়। মূল আয়োজনে ছিল পাঁচটি অধিবেশন।

প্রথম অধিবেশনে ‘ইংলিশ স্টাডিজ ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য গ্লোবাল সাউথ ১৯৭১-২০২১’ বিষয়ের উপর অধ্যাপক ফখরুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপক হরিষ ত্রিবেদী। দ্বিতীয় অধিবেশনে অধ্যাপক সুমন সাজ্জাদের সাথে নাট্যাচার্য সেলিম আল দীন ও কবি মোহাম্মদ রফিকের সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন নাট্যজন মাসুম রেজা এবং কবি ও সাহিত্য সম্পাদক আলতাফ শাহনেওয়াজ। 

তৃতীয় অধিবেশনে ‘ইন্ডিজেনাস স্টাডিজ’ শীর্ষক আলোচনায় অধ্যাপক মাহমুদুল এইচ সুমনের সঞ্চালনায় কথা বলেন প্রখ্যাত সাহিত্য সমালোচক এবং অ্যাকটিভিস্ট গণেশ এন দেবী। তাদের আলোচনায় উঠে আসে বিশ্বে এবং দক্ষিণ এশিয়ায় ইন্ডিজেনাস স্টাডিজ এর ইতিহাস ও বর্তমান চিত্র পাশাপশি ‘ইন্ডিজেনাস’ নামকরণের নানা জটিলতাগুলো।

চতুর্থ অধিবেশনে ‘বাংলাদেশের কবিতা ১৯৭১-২০২১’ বিষয়ে ড. রায়হান এম শরীফের সঞ্চালনায় আলোচনা করেন কবি শামীম আজাদ, কবি ইরাজ আহমেদ, কবি সোহেল হাসান গালিব, কবি জাহানারা পারভীন ও কবি সুমন সাজ্জাদ।

সবশেষে রাত ১১টায় ভারতের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ড্রামা ক্লাবের পরিবেশনায় অনলাইন নাটক ‘নাটকের মতো’ প্রদর্শনীর মাধ্যমে সাহিত্য উৎসবের প্রথমদিনের সমাপ্তি ঘটে।

সাহিত্য উৎসবটির আহ্বায়ক অধ্যাপক মাশরুর শাহিদ হোসেন জানান, এই লিটফেস্টের মাধ্যমে ইংরেজি বিভাগ একই সাথে তিনটি অর্জন উদযাপন করতে যাচ্ছে- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ও ইংরেজি বিভাগের সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।

সবার জন্য উন্মুক্ত এই সাহিত্য উৎসবে থাকছে বাংলা ও ইংরেজি ভাষায় ১৮টি আকর্ষণীয় সেশন যার মধ্যে ১৩টি সেশনজুড়ে থাকবে সাম্প্রতিক শিল্প-সাহিত্য-সংস্কৃতি, কবিতা, চলচ্চিত্র, সঙ্গীত নিয়ে আলাপন। দেশ-বিদেশের ৪০ জনেরও বেশি লেখক, গবেষক, পণ্ডিত, অনুবাদক, চলচ্চিত্র পরিচালক ও তরুণ প্রতিভাবান ব্যক্তি এই লিটফেস্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।