আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে কমপক্ষে দুজন আদিবাসীকে মনোনয়ন, আদিবাসীদের ওপর সব ধরনের সহিংসতা বন্ধের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাবের সামনে আদিবাসী নারী পরিষদ ও বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক যৌথভাবে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আদিবাসী নারী পরিষদ দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মিনতী মার্ডি, কোষাধ্যক্ষ শিবানী উরাও, সদস্য সেলিনা সরেন, মায়ারানী টোপ্প, বানী কুজুর, মিনতী লাকড়া, কমলা সরেন, সুশিলা মুর্মু, স্মৃতি মার্ডি, হাসিনা সরেন প্রমুখ।

মানববন্ধনে আদিবাসী নারী নেত্রীরা বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সমতলের আদিবাসী নারীরা সবদিক থেকে পিছিয়ে। বিভিন্ন সময়ে আদিবাসী নারীদের ওপর নানা ধরনের সহিংসতা, নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটে চলছে। নারীরা অর্থনৈতিক, রাজনৈতিকভাবে প্রান্তিক বলে তারা অনেক বেশি সহিংসতার শিকার হচ্ছেন। কোনো ঘটনা ঘটলে প্রতিকার পেতে থানায় গেলে পুলিশ মামলা নেয় না। সহিংসতার ঘটনায় সময়ক্ষেপণ করে পুলিশ মামলা নিলেও দুর্বলভাবে মামলা সাজানো হয়। কোনো মামলাতেই আদিবাসীরা সুবিচার পাননি উল্লেখ করে তারা ক্ষোভ প্রকাশ করেন।

এ অবস্থায় সমতলের আদিবাসীদের সুরক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় কমপক্ষে দুজন আদিবাসী নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বক্তারা সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি দাবি জানান।