গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষে নিহতের ঘটনায় আরো একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রমজান মুন্সীর ভাই জামাল মুন্সী গতকাল সদর থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হলেও সংখ্যা উল্লেখ করা হয়নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, ১৬ জুলাই সংঘর্ষ চলাকালে গুলিতে আহত হন রমজান মুন্সী। পরদিন রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল নিহতের ভাই জামাল মুন্সী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামির কোনো সংখ্যা নেই।
পুলিশ জানায়, সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় সদর, কাশিয়ানী, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া থানায় এক ডজন মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা পাঁচটি, বিশেষ ক্ষমতা আইনে মামলা একটি এবং সন্ত্রাস দমন আইনে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় ১০ হাজার ১৮৩ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৩২৩ জন।
১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ও পথসভায় হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে দাবি করেন এনসিপি নেতারা। হামলাকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। দিনভর চলা সংঘর্ষে পাঁচজন নিহত হন। আহত হন পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক মানুষ।










