নিরাপত্তাজনিত কারণে বান্দরবানের রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো সাতদিন বাড়ানো হয়েছে। এ নিয়ে অষ্টমবারের মতো নিষেধাজ্ঞা বাড়ানো হলো। গতকাল সন্ধ্যায় বান্দরবান জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত জেলার রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটক ভ্রমণ করতে পারবেন না। এর আগে গত ১৬ নভেম্বর সপ্তম দফায় থানচি উপজেলায় প্রত্যাহার করে রোয়াংছড়ি ও রুমা উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এর আগে আলীকদম উপজেলাও নিষেধাজ্ঞার আওতায় ছিল। সেখানে গত ৮ নভেম্বর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, গত অক্টোবর থেকে রাঙ্গামাটির বিলাইছড়ির উপজেলার বড়থলি ইউনিয়ন ও ইউনিয়নসংলগ্ন বান্দরবানের রুমা এবং রোয়াংছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়। এরপর নিষেধাজ্ঞার কবলে পড়ে পর্যটন এলাকাগুলো।
তবে গতকাল জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী জেলা সদর, থানচি, আলীকদমসহ অন্য পাঁচ উপজেলায় ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই।










