যশোরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ২০০ কেজি অস্বাস্থ্যকর জেলি পুশ করা চিংড়ি জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার মধ্যরাতে যশোর শহরের মণিহার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন, ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করে ওজন বৃদ্ধি করে বিপুল পরিমাণ চিংড়ি নিয়ে শ্যামনগর থেকে শেরপুরে যাচ্ছে হিমেল সীমান্ত পরিবহনের একটি বাস। এ সংবাদের সত্যতা যাচাই ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মঙ্গলবার মধ্যরাতে যশোর সদর উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা সাইদুর রহমান রেজার সমন্বয়ে একটি দল শহরের মণিহার মোড়ে র‌্যাবের একটি দল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। সেখানে হিমেল সীমান্ত পরিবহনের বাস থামিয়ে চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা হয়েছে কিনা তা পরীক্ষা করা হয়।

এ সময় ওই বাস থেকে ককসিট ভর্তি ১ হাজার ২০০ কেজি চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। তখন অস্বাস্থ্যকর জেলি পুশকৃত ওই চিংড়ি জব্দ ও হিমেল সীমান্ত পরিবহনের মালিক অনিল বাচ্চুকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া ভবিষ্যতে জেলি পুশকৃত চিংড়ি পরিবহন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।