দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শনিবার গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, দেশের যারা ভালো চায় না, দেশকে ভালবাসে না, তারা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষরূপী শয়তান। এরা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ১৯৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, তারা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও, আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক।

গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান। প্রথম আলো-ডেইলি স্টারসহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেয়া হলো এরা কারা। এরা জাতির শত্রু। এদেরকে থামাতে হবে।

বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না। তার মানে এই নয় যে, আমরা হাত গুটিয়ে বসে থাকব। চব্বিশে মানুষ রক্ত দিয়ে অধিকার আদায় করেছে। সে অধিকার ছিনিয়ে নেয়ার চেষ্টা হচ্ছে। দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, একইভাবে এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে যারা অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ঢাকা-৬ আসনের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ঢাকা-৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ঢাকা-৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৫ আসনের মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, মনির চেয়ারম্যান ও মোশাররফ হোসেন খোকন প্রমুখ।