কক্সবাজারে ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে মাত্র ২ ঘণ্টার তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে কক্সবাজারের জীবনযাত্রা। সন্ধ্যা ৭টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কক্সবাজারজুড়ে। গতকাল সকাল থেকে ছিল না সেলফোনের নেটওয়ার্কও।

বাতাসের তীব্রতায় গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে উপড়ে গেছে বড় বড় গাছ এবং কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি। সকাল থেকে কক্সবাজার পৌরসভা এলাকায় ফায়ার সার্ভিসের কর্মী, পৌর কর্মচারী ও নিজ নিজ বিভাগের লোকজন রাস্তা ও বাসাবাড়িতে উপড়ে পড়া গাছগুলো সরানোর কাজ শুরু করে। কিন্তু গতকাল বিকাল পর্যন্ত ভাঙা গাছপালা ও বিদ্যুতের খুঁটি সরানো সম্ভব হয়নি। তবে সন্ধ্যার পর কক্সবাজার শহরে আংশিক বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

জেলা প্রশাসকের দেয়া তথ্যমতে, ঘূর্ণিঝড় হামুনে কক্সবাজার জেলায় ৩৭ হাজার ৮৫৪টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজার ১০৫টি এবং আংশিক ক্ষতিগ্রস্ত বসতবাড়ির পরিমাণ ৩২ হাজার ৭৪৯। পল্লী বিদ্যুতের ৩৫৪টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেছে।