বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ‘বাংলাদেশের মানুষ সব সময় সংবিধানের আলোকে সরাসরি ভোটে অভ্যস্ত। এতদিন তারা সেই পদ্ধতিতেই ভোটাধিকার প্রয়োগ করে এসেছে। পিআর পদ্ধতিতে তারা অভ্যস্ত নয়। গত ৫৪ বছরেও দেশে এ পদ্ধতিতে ভোট হয়নি।’

দুর্গা পূজা উপলক্ষে গতকাল দিনাজপুরের হাকিমপুর উপজেলার চণ্ডীপুর মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা চাই জনগণতাদের পছন্দের প্রার্থীকে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।’

যে পদ্ধতিতে গণতন্ত্র শক্তিশালী হয়, যে পদ্ধতিতে বেশির ভাগ গণতন্ত্রকামী রাষ্ট্র পরিচালিত হচ্ছে আমরা সেই পদ্ধতিতেই থাকতে চাই।’

যারা পিআর পদ্ধতির কথা বলছেন তাদের উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, ‘জনগণের কাছে যান, সিদ্ধান্তটা জনগণ নেবে। জনগণের ওপর কোনো অধ্যাদেশ করে চাপিয়ে দিলে সেটি ভালোভাবে নেবে না। বিএনপি কোনো অবস্থাতেই এটি গ্রহণ করতে পারে না।’

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেভাবে এগোচ্ছে তাতে করে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা মনে করি। দেশের মানুষ দেড় যুগের বেশি সময় ধরে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য উন্মুখ হয়ে আছে। ১৪ মাস হয়েছে স্বৈরাচার পালিয়েছে। জনগণ তাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশ পরিচালনার জন্য আগ্রহী। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হোক এটিই হচ্ছে বর্তমান সংকট উত্তরণে সবচেয়ে বড় অগ্রগতি। গণতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে জনগণের সরকার হবে দায়িত্বশীল।’