ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় মাঝ পদ্মায় আটকে থাকে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে দুটি ফেরি। এছাড়া পাটুরিয়ায় চারটি ও দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের সহকারী জেনারেল ম্যানেজার আবদুস সালাম জানান, মধ্যরাত থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। ভোর সাড়ে ৪টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও বরকত নামে দুটি ফেরি। এছাড়া আরো আটটি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।
এদিকে ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়ায় আটকে পড়ে অর্ধশত যাত্রীবাহী বাস ও শতাধিক পণ্যবাহী ট্রাক। সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান আবদুস সালাম।
এছাড়া নাব্য সংকটে বন্ধের প্রায় ৩৭ ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে নৌপথ স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।










