আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে ভোটার নিবন্ধন-সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ৯ লাখ ৫১ হাজার ৮০৮ জন।

প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) আর তৃতীয় অবস্থানে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।

বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লাখ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন আর আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন।

আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার কথা রয়েছে।