পঞ্চগড়ে বৃহস্পতিবার দুপুরে শূন্য দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। এর পর থেকেই শীতের তীব্রতা বেড়েছে হিমালয়ের নিকটবর্তী এ জেলায়। গতকাল সকাল থেকে কুয়াশাচ্ছন্ন থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় শীতের আমেজ। গত বছরের তুলনায় শীত পড়তে এবার একটু বিলম্ব হয়েছে। গত বছর হেমন্তের শুরু থেকে শীতের তীব্রতা বাড়লেও এবার অগ্রহায়ণের শেষে এসে পড়তে শুরু করেছে শীত। গতকাল সকাল ৯টায় ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি। দিনের তাপমাত্রা ২৪ ডিগ্রিতে নেমে এসেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘন কুয়াশা হয়েছে পঞ্চগড়ে। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা কমে মৃদু শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। বুধবার পর্যন্ত সপ্তাহজুড়ে তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করেছে।










