রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এসময় অবৈধ ভিওআইপি কাজে ব্যবহৃত ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন রকমের ভিওআইপি সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। একইসঙ্গে এসবের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।
সোমবার (১০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহযোগিতায় বিটিআরসির এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টর টিম এই অভিযান পরিচালনা করে।
এ সময় দুটি জায়গা থেকে ৫৬টি অবৈধ ও অনুমোদনবিহীন সিমবক্স, ১৯টি রাউটার, ২২টি মডেম, ১৮টি পেনড্রাইভ, ২৩টি জিএসএমএ এন্টেনা, বিভিন্ন অপারেটরের ১৭ হাজার ৩৫৪টি সিম এবং বিভিন্ন ভিওআইপি সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে ভিওআইপি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










