বগুড়ার সদর উপজেলা পরিষদের
ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার (১০ জুলাই) নির্বাচন পরিচালনা-২ অধিশাখার
উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো
হয়।
জানা গেছে, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে বগুড়া সদর উপজেলা
পরিষদের নির্বাচন গত ২৯ মে অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে ভাইস চেয়ারম্যান
প্রার্থী ইফতারুল আলম মামুন অভিযোগ করেন ব্যালটে তাকে বরাদ্দ দেয়া প্রতীকের সাথে
বগুড়া নির্বাচন অফিস কর্তৃক দেয়া প্রতীকের কোনো মিল নেই। এই অভিযোগ তুলে তিনি ভাইস চেয়ারম্যান পদে
ভোটগ্রহণ স্থগিতের আবেদন জানান।
এর প্রেক্ষিতে ওই পদে নির্বাচন
স্থগিত করে অন্য দুইটি অর্থাৎ
চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে যথারীতি ভোট গ্রহণ করা হয়। পরে ৯ জুন ভাইস
চেয়ারম্যান পদের নির্বাচনের ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করা হয়। ইফতারুলের হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ৭ জুন আদালতের
আদেশে ৯ জুনের ভোটগ্রহণ দ্বিতীয় দফায় স্থগিত ঘোষণা করেন। দ্বিতীয় দফা স্থগিতের পর
গত বুধবার নির্বাচন কমিশন আগামী ২৭ জুলাই নতুন করে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
বগুড়ার সিনিয়র নির্বাচন
কর্মকর্তা মাহমুদ হাসান জানান, আগামী ২৭
জুলাই ভোট গ্রহণের সকল প্রস্তুতি নেয়া হয়েছে। সদর উপজেলা পরিষদের স্থগিতকৃত ভাইস
চেয়ারম্যান পদের নির্বাচনে ওইদিন শনিবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।










