মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে ছবি তোলার সময় পা পিছলে ভৈরব নদে পড়ে উৎসব (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার হয়। উৎসব গাংনী উপজেলা শহরের ফজলুল হকের ছেলে। তার সঙ্গে থাকা একই এলাকার স্বপনের ছেলে বোরহান (১৫) বর্তমানে থানা পুলিশের হেফাজতে। স্থানীয়রা জানায়, দুই কিশোর ওই স্থানে টিকটক ভিডিও বানাচ্ছিল।

মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, গতকাল বিকালে মেহেরপুরের গাংনী থেকে উৎসব ও বোরহান নামের দুজন কিশোর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর স্লুইস গেটে ছবি তুলতে যায়। ছবি তোলার এক পর্যায়ে উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের টানে সে নিখোঁজ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মেহেরপুর থেকে ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল পৌঁছে। প্রচণ্ড স্রোতে তারাও কাজ করতে পারেননি। খুলনা থেকে ডুবুরি চাওয়া হয়। পরে খুলনা থেকে আসা ডুবুরি দল উৎসবের মরদেহ খুঁজে পায়।

ওসি আব্দুল হাশেম আরো জানান, মারা যাওয়া উৎসব চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। আর তার সঙ্গে থাকা বোরহানকে থানায় রাখা হয়েছে।