একই দলের মধ্য থেকে পাঁচজন প্রার্থী হওয়ায় মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বিশ্বাস প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মনোয়নপত্র প্রত্যাহারের দিন আজকে। আব্দুর রব বিশ্বাস সকাল ১০ টার দিকে তার প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন। বিকাল ৫ টার পর এটি ঘোষণা করা হবে।
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সদর উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আক্তার হোসেন, নয়ন হাবিব এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী। এছাড়াও বিএনপি সমর্থিত আবুল হাশেম ও কামরুল হাসান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ত্র দাখিল করেন।
লীয় শৃঙ্খলা ভঙ্গ করে নিজ দলের চার প্রার্থী হওয়ায় তিনি তার প্রার্থীতা প্রত্যাহার করেন। এ বিষয়ে নৌকার মনোনতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বলেন, আমার অনেক বয়স হয়েছে। এই বয়সে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনীত করেছেন। অথচ আমাদের দলের মধ্যেকার মানুষরাই আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি একজন বয়স্ক মানুষ হিসেবে এইসব হিংসাত্নক প্রতিদ্বন্দ্বিতা চাইনি। ফলে আমি আমার প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছি।
প্রসঙ্গত, আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভাসহ চারটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নবগঠিত এই শ্যামপুর ইউনিয়নে আব্দুর রব বিশ্বাসসহ মোট ৮ জন প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।










