ফেনী সদর উপজেলার ফরহাদনগরে ছোট ফেনী নদী থেকে মো. নাজিম উদ্দিন (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। আজ সোমবার সকালে নিখোঁজ হওয়ার পর বিকাল ৩টার দিকে নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

ফরহাদ নগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন টিপু জানান, সকালে সুলতানপুর গ্রামের ইউসূফ মেম্বারের ছোট ভাই নাজিম বড়শি দিয়ে নদীতে মাছ ধরছিলেন। এ সময় অসর্তকতাবশত তিনি নদীতে পড়ে স্রোতে ভেসে যান। দীর্ঘক্ষণ স্থানীয়রা নদীতে তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

ফেনী ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টা প্রচেষ্টার পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।