প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশের জন্য পুরোপুরি প্রস্তুত বরিশালের বঙ্গবন্ধু উদ্যান। পাঁচ বছর পর এ বিভাগীয় শহরে আসছেন তিনি। এ উপলক্ষে আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালেই সমাবেশস্থলে নেতাকর্মীরা আসা শুরু করেন।

বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ কর্মী রেজাউল করিম বলেন, ভোর ৬টা থেকেই আমাদের এলকার শত শত নেতাকর্মী এসেছেন। আমরা দ্বিতীয় দফায় ৮টার দিকে রওয়ানা দিয়ে এসেছি।

সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডে থেকে আসা যুবলীগ নেতা এসএম ফজলুর রহমান বলেন, বিকাল তিনটার পর সমাবেশ শুরু হবে আমরা সবাই জানি। সকালে যাচ্ছি সমাবেশস্থলে জায়গা রাখতে। নেত্রীর ভাষণ কাছ থেকে শুনতে চাই।

সমাবেশের মঞ্চে বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরের সঞ্চালনায় সমাবেশের প্রাথমিক পর্ব শুরু হয়। এরপর দায়িত্ব নেন নির্ধারিত সঞ্চালক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস।

কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বলরাম পোদ্দার জানিয়েছেন, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকাল তিনটার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন।

জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিবেন। এছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বক্তব্য দেবেন।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবারো নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন। এর আগে গত মার্চে বরিশাল সফরের কথা ছিল শেখ হাসিনার, তবে পরে তা স্থগিত করা হয়।