মেহেরপুরের গাংনীতে ব্যবসায়ী রেজাউল হক খোকন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এছাড়া ছয় আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে মামলা থেকে। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রিপুতি কুমার বিশ্বাস এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- রফিকুল ইসলাম, মাহামুদ হাসান ওরফে রিপন ওরফে রবিনহুড, আব্দুল জব্বার, বিল্লাল হোসেন, হোসেন আলী ওরফে বোমা হোসেন ও আব্দুল কাদের ওরফে সুমন। তাদের মধ্যে হোসেন আলী পলাতক। খালাসপ্রাপ্তরা হলেন- আক্তারুজ্জামান ওরফে বাবু, জিয়ারুল ইসলাম, মজনু মিয়া, আবুল কালাম, খাজা মিয়া ও শান্ত।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১১ সালে রেজাউল হক খোকন তার নতুন ইটভাটার কাজ শুরু করেন। একই বছর ১৯ অক্টোবর সন্ধ্যায় বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ভাটায় যান তিনি। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তৎকালীন কমিশনার আলী আজগরের ইটভাটার ৩০০ গজ দূরে একটি মেহগনি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রেজাউলের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী হাসিনা বানু বাদী হয়ে ১২ জনকে আসামি করে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দি দেয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও গাংনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৬ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি কাজি শহিদুল ইসলাম মামলাটি পরিচালনা করেন। আসামি পক্ষে ছিলেন অ্যাড. মিয়াজান আলী, অ্যাড. ইব্রাহিম শাহীন, অ্যাড.শফিকুল আলম ও অ্যাড. রমজান আলী।










