বঙ্গভবন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় আইজিপি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক শেখ মো. রেজাউল হায়দার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে, রাত ২টায় ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ, মো. ইসরাইল হাওলাদারসহ ডিএমপির অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে আইজিপি ও ডিএমপি কমিশনার আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে, সেই বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২২ অক্টোবর) বঙ্গভবন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ডিএমপির ২৫ জন পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে ৯ জনকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি ১৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।









