পঞ্চগড় থেকে রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল ৪টার দিকে ট্রেনটি নাটোরের মাধনগর স্টেশনে প্রবেশের পর একটি বগির নিচে আগুন ধরে যায়। এ সময় যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শী বিল্লু সরদার ও সাইদুল ইসলাম জানান, ট্রেনটি প্লাটফর্মে প্রবেশের কিছুক্ষণ পরই একটি বগির নিচে আগুন ধরে যায়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখে। প্রায় ৩ ঘণ্টা দেরিতে সন্ধ্যা ৭টার দিকে ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।

মাধনগর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. আজিজুল ইসলাম বলেন, ‘ট্রেনের পরিচালক বিষয়টি জানালে জরুরি ব্যবস্থা নেয়া হয়েছে। ত্রুটিপূর্ণ বগি আলাদা করার পর ট্রেনটি নিরাপদে যাত্রা করে।’

এদিকে দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকায় যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। আব্দুলপুর থেকে রাজশাহীগামী যাত্রী আসমা খাতুন বলেন, ‘বিকাল ৪টায় স্টেশনে এসেছি। শিশু সন্তান নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করা কষ্টকর। দেরি হলে সে তথ্য আগে জানতে পারলে যাত্রীদের আর ভোগান্তি হয় না।’