ছোলা ও খেজুরের দাম নিম্নমুখী রয়েছে এবং এ দাম আরো কমবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ পরিস্থিতি গত বছরের তুলনায় ভালো অবস্থানে রয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) রমজানের পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানের কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, ডাল, চাল, খেজুর ও ভোজ্যতেলের মতো আমদানিনির্ভর পণ্য ব্যাপক আমদানি হয়েছে। এত আমদানি হয়েছে যে ওয়্যারহাউজে রাখা সম্ভব হয়নি, জাহাজের মধ্যেও ভাসমান অবস্থায় পণ্য ছিল। বাংলাদেশ ব্যাংক থেকে প্রাপ্ত তথ্য ও আমদানিকারকদের সঙ্গে বৈঠকের ভিত্তিতে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।
তিনি বলেন, গত বছর যে প্রক্রিয়ায় বাজার সহনশীল রাখা হয়েছিল, এবারও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। রমজান-পূর্ব বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্ততি সভার পরে সংবাদ সম্মেলনে আমরা জানিয়েছি এ বছর আরো সুন্দর হবে।
বাজারে সাময়িক অস্থিরতার বিষয়ে তিনি বলেন, বন্দর এলাকায় কিছুদিন ধর্মঘট থাকায় দামে চাপ তৈরি হয়েছিল। তবে তা দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন। চালের দাম কমায় সামগ্রিক মূল্যস্ফীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
লেবুর দাম প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এটি মৌসুম-নির্ভর পণ্য। বর্তমানে লেবুর মৌসুম না থাকায় দাম বেশি। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সরবরাহ বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি আশা করেন।
সিন্ডিকেট ভাঙার প্রশ্নে উপদেষ্টা বলেন, এর প্রভাব বাজারদরে প্রতিফলিত হচ্ছে। টিসিবির মাধ্যমে ৮০ লাখ কার্ডধারীর মধ্যে ৩৫ লাখের বাইরে ৬৪ জেলায় ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ শুরু হয়েছে। রমজানকেন্দ্রিক এ কার্যক্রমের আওতায় প্রায় ২৫ লাখ মানুষ সুবিধা পাবেন বলে জানান তিনি।










