নারায়ণগঞ্জে টিফিনের টাকা জমিয়ে জলবায়ু মোকাবেলায় বৃক্ষরোপণ, মাদক, যৌন হয়রানি, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধসহ নানা সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছেন লাল সবুজ উন্নয়ন সংঘ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। মহান বিজয়ের ৫০ বছর পূর্তিতে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সদস্যরা দেশের ৩৫০টি উপজেলায় ৫০ হাজার শিক্ষার্থীর হাতে  ৫০ হাজার  গাছের চারা তুলে দিয়েছেন।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন বালিকা উচ্চবিদ্যালয় মাঠে  কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচি টেলিফোনে উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স  আরেফিন সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা সাবিনা ইয়ামিন, সফুরা খাতুন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য বিল্লাহ হোসেন রবিন, মানবজমিন পত্রিকার সিনিয়র রিপোর্টার তরুণ জয়, লালসবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয়  সভাপতি কাওছার আলম সোহেল, নারায়ণগঞ্জে সভাপতি আশিক হোসেনসহ সংগঠনের সদস্যরা।