সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। আজ ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে আবুধাবি রুটে এ ফ্লাইট পরিচালিত হবে।

ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটটি আজ সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবে। এরপর রাত ৮টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করবে। ফিরতি ফ্লাইটটি আবুধাবির স্থানীয় সময় রাত ১টায় ঢাকার উদ্দেশে রওনা হবে। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে এ ফ্লাইট পরিচালিত হবে।

আবুধাবি বিমানবন্দর কর্তৃপক্ষ বর্তমান পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা ও ইতিহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ এ অনুমতি দিয়েছে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে বা দ্রুত শেষ হয়ে যাবে এ ফ্লাইটে তাদের অগ্রাধিকার দেয়া হবে। যাত্রীরা ইউএস-বাংলার সেলস সেন্টার বা অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে টিকেট বুকিং সংক্রান্ত তথ্য জানতে পারবেন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮ জন ক্রু সংযুক্ত আরব আমিরাতে আটকে আছেন। ইউএস-বাংলা তাদেরও দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে। আজ বিএস-৩৪২ ফ্লাইটে করে তাদের দুবাই থেকে ঢাকায় ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে।

বিশেষ ফ্লাইটের বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের ইউএস-বাংলার হটলাইন ১৩৬০৫ অথবা নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তা ও দ্রুত দেশে ফেরা নিশ্চিত করাই তাদের এ উদ্যোগের মূল লক্ষ্য।