যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হয়েছেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার মনোনীত হন তিনি। খুলনা রেঞ্জ পুলিশ কার্যালয়ে সম্প্রতি ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার) যশোরের পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন।

যশোর পুলিশের মুখপাত্র ডিবি পুলিশের পরিদর্শক রূপন কুমার সরকার জানান, বিভাগের শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন যশোরের ‘ক’ সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন (পিপিএম)। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম। এর বাইরেও বেনাপোল থানার এসআই মাসুম বিল্লাহ ও এএসআই মুরাদ শেখকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কার তুলে দেয়া হয়েছে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, এডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলামসহ খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপাররা।