লক্ষ্মীপুরে যৌতুকের দাবিতে স্ত্রী আরজু বেগমকে হত্যার দায়ে স্বামী কামাল উদ্দিনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজুদ্দৌলাহ কুতুবী এ রায় দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আইনজীবী আবুল বাশার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্ত্রী হত্যার দায়ে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ০৩) এর ১১(ক) ধারায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত কামাল উদ্দিনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।  দণ্ডপ্রাপ্ত কামাল সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামের বাসিন্দা। মামলার বাদী জগলুর রহমান দিঘলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালের ২ জানুয়ারি আরজু বেগমকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে তার বড় ভাই জগলুর রহমান বাদী হয়ে কামালের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ আদালতে কামালের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

এদিকে আদালতের এ রায়ে অসন্তোষ প্রকাশ করেন আসামির দ্বিতীয় স্ত্রী শারমিন আক্তার। তিনি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল আবেদন করবেন বলে জানান তিনি ও আসামি পক্ষের আইনজীবী কামাল উদ্দিন।