কাতারের আমির প্রদত্ত এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থাও এখন তার লন্ডন যাত্রার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) থেকে ম্যাডামের শারীরিক অবস্থা ভালো না। এয়ারক্র্যাফটের সমস্যা আছে, একই সঙ্গে শারীরিক অবস্থাও ভালো না। এই অবস্থায় যাত্রার তারিখ বদল করা হয়েছে। এখন মেডিকেল বোর্ড বললে, ফ্লাই করার মতো থাকলে রোববার তাকে লন্ডনে নেয়া হবে।’
এর আগে বিএনপির মিডিয়া সেল জানায়, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না। খালেদা জিয়ার বিদেশ যাত্রার সময় তাই পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের পক্ষ থেকে পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর, রোববার লন্ডন যাত্রা হতে পারে।
মির্জা ফখরুল বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সবকিছু স্বাভাবিক থাকলে এটি শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে, ইনশা আল্লাহ ৭ তারিখ তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।’
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ইতিমধ্যে লন্ডন থেকে ঢাকায় এসেছেন। তিনি বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। বিএনপির এক শীর্ষ নেতা জানান, জোবাইদা রহমান সেখান থেকেই খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে ফিরবেন।










