কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৪ হাজার ৭৭০ টন কয়লা নিয়ে এসেছে পানামার পতাকাবাহী জাহাজ। ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি গতকাল সকাল ৯টা ৪০ মিনিটে বিদ্যুৎ কেন্দ্রের কয়লা জেটিতে ভেড়ে। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের প্রকল্প ব্যবস্থাপক ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
ক্যাপ্টেন আতাউল হাকিম সিদ্দিকী জানান, গভীর সমুদ্র থেকে পানামার পতাকাবাহী এমভি জিসিএল পারাডিপ নামের জাহাজটিকে পাইলটিং করে জেটিতে নিয়ে আসেন চট্টগ্রাম বন্দরের পাইলটরা। এরপর সতর্কতার সঙ্গে একে জেটিতে নোঙর করানো হয়। জাহাজটি লম্বায় ২২৯ দশমিক ৯৯ মিটার ও সাড়ে ১২ মিটার ড্রাপ্টের। এর চেয়ে বড় কোনো জাহাজ এ জেটিতে আগে কখনো ভেড়েনি। মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরুর পর গত ২৫ এপ্রিল বড় একটি জাহাজ আসে। পরের মাসে আরো চারটি জাহাজ কয়লা নিয়ে মাতারবাড়ী আসে। এ কয়লা আসার কারণে বাংলাদেশে সংকট অনেক কমে আসবে বলে জানান আতাউল হাকিম।











