বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা শাখার সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপির সঙ্গে আপস না করে দেশ পরিচালনা সম্ভব নয়— এটা বুঝেই অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত লন্ডনে গিয়েছিলেন। তারেক রহমানের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল স্বাগত জানালেও একটি ধর্মভিত্তিক সংগঠন ও এনসিপি তা ভালোভাবে নেয়নি। তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

খোকন বলেন, প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর দেশের মানুষের মধ্যে একটি আশা তৈরি হয়েছিল যে তিন মাসের মধ্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সংস্কারের নামে যখন নির্বাচন বিলম্বিত হচ্ছিল, তখন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এ সময়ই তিনি বুঝতে পারেন, বিএনপিকে বাদ দিয়ে দেশ চালানো সম্ভব নয়।

বক্তব্যে তিনি আরো বলেন, ষড়যন্ত্রকারীরা চেয়েছিল দেশের পরিস্থিতি ঘোলাটে করে সুযোগ নিতে। কিন্তু বিএনপি নেতাকর্মীরা কখনোই তাদের সেই আশা পূরণ হতে দেবে না।

নরসিংদী জেলা কারাগার ভাংচুর মামলার প্রসঙ্গ টেনে খোকন বলেন, তাকে এ ঘটনায় এক নম্বর আসামি করে, নেতাকর্মীদের মামলা দিয়ে ক্রসফায়ারে নেয়ার পরিকল্পনা করেছিল তৎকালীন সরকার। তিনি বলেন, যদি আন্দোলন সফল না হতো, তাহলে তাদের কবর হয়ে যেত। তবে আন্দোলন সফল হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সদস্য খন্দকার শাহেন শাহ সোহেল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া ও সদস্যসচিব জোবায়ের নকিবসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।