পটুয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মিলাদ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফজিলাতুননেছা আলমগীর। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শিরিন সুলতানা। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৫ আগস্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালীর মাস্টার ট্রেইনার মাওলানা মো. আ. হালিম। 

বক্তারা বেগম ফজিলাতুননেছা মুজিবের আদর্শ ও কর্মময় জীবনের উপর স্মৃতিচার করেন এবং তার আদর্শ ও কর্মযজ্ঞ উপলব্ধি করে চলার পরামর্শ দেন বক্তারা। আলোচনা ও দোয়া মোনাজাত শেষে প্রশিক্ষিত দুস্থ ও অসচ্ছল নয়জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেয়া হয়। মেশিন প্রাপ্তরা হলেন মুক্তা কর্মকার, বর্না দাস, নাসরিন সুলতানা, শিরিন আক্তার, রিতা রানী, মুক্তা বেগম, শাহনাজ নিপা, বিলকিস বেগম ও খাদিজা আক্তার।